Header Ads

Header ADS

বউ, গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্ট না হোটেলে যাবে সেটা ব্যক্তিগত বিষয়: নুর


deshersangbad.com
Apr 8, 2021 9:28 AM

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একজন মানুষ তার বউ, গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টে যাবে নাকি হোটেলে যাবে সেটা তার ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে সরকারি দলের এত মাথা ব্যথার কারণ কি? একেবারে ছাত্রলীগ, যুবলীগ, প্রশাসন, মিডিয়া সব রিসোর্টে হাজির, সংসদেও আলোচনার ঝড়!

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুর এসব বলেন।

তিনি বলেন, একজন ব্যক্তির মোবাইলে পর্নো ভিডিও থাকবে নাকি নাচ-গানের ভিডিও থাকবে সেটা তার বিষয়। সেগুলোকে রঙচঙ মাখিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে মিডিয়ার মাধ্যমে প্রচার।

নুরুল হক নুর বলেন, এগুলো কি প্রমাণ করে না, প্রতিপক্ষকে ফাঁসাতে সরকারি দলের স্ক্রিপ্টের নাটক! যা এ সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমত দমনে অহরহ করছে। জনসমর্থনহীন সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে এখন এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এরা আজ এতটাই নীচে নেমেছে যে, প্রতিপক্ষকে ফাঁসাতে নারী কেলেঙ্কারির গল্প সাজাতে হচ্ছে, ব্যক্তিগত ফোনালাপ, মোবাইলে কী আছে সেগুলো মিডিয়ায় প্রচার করছে।

নুর বলেন, সরকারের প্রতি অনুরোধ এসব রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে গণতন্ত্রের পথে আসুন, সহনশীল রাজনীতি করুন। চলমান মহামারী পরিস্থিতিতে ভিন্নমত ও বিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধ করুন। অবিলম্বে মোদিবিরোধী আন্দোলনসহ গ্রেপ্তার সব রাজবন্দীদের মুক্তি দিন।

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.